কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ লাখ টাকার গাঁজা জব্দ
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১৭ জুন) রাত ১০টার দিকে টেকনাফ থানাধীন নাইট্যং পাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্দেহজনক একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উদ্ধার করা গাঁজার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।