সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ছোট হরিনা সীমান্ত এলাকায় নদীপথে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার সকালে ছোট হরিনা সীমান্ত দিয়ে ইঞ্জিনচালিত বোটে করে এসব পণ্য পাচারের চেষ্টা করা হলে ১২ বিজিবির ছোট হরিনা বিওপির টহল দল অভিযান চালিয়ে সেগুলো জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়। একপর্যায়ে নদীপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে পণ্য পাচারের সময় একটি ইঞ্জিনচালিত বোটে থাকা ১৮ বস্তা চায়না রসুন এবং ৯ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, সীমান্তবর্তী এলাকায় সক্রিয় একটি চক্র দীর্ঘদিন ধরে নদীপথ ব্যবহার করে বিভিন্ন পণ্য ভারতে পাচারের চেষ্টা চালিয়ে আসছে। তবে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রমের কারণে তাদের বেশিরভাগ প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে।
এর আগে গত মাসেও একই সীমান্ত এলাকা থেকে প্রায় ১ হাজার ৫০০ কেজি চায়না রসুন জব্দ করেছিল বিজিবি।
সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান ও রাষ্ট্রীয় সম্পদ পাচার রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।