নৌপথে চোরাচালান রোধে বড় অভিযান, ১২ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ করল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা রাঙামাটিতে নৌপথে পাচারের সময় প্রায় ১২ লাখ টাকার অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে সেনাবাহিনীর রাঙামাটি জোন।
আজ সোমবার দুপুরে সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কান্দারমুখ থেকে রিজার্ভ বাজার অভিমুখী কাপ্তাই লেক এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটি জোনের একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় টহল দল বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট (ORIS) উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত সিগারেটের পরিমাণ ছিল ৬,০০০ প্যাকেট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লক্ষ টাকা।
অভিযানের সময় সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাচালানের সঙ্গে জড়িত অজ্ঞাতনামা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে সিগারেট ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে উদ্ধারকৃত সব অবৈধ সিগারেট জব্দ করা হয়।
পরে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে বিকেলে জব্দকৃত সিগারেটগুলো বিজিবির রাঙামাটি সেক্টরে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দুর্গম পার্বত্য এলাকায় চোরাচালান, অবৈধ বাণিজ্য ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দাভিত্তিক অভিযান এবং নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে বলে জানানো হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।