জুরাছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৯০ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ বনসম্পদ পাচার রোধে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী জুরাছড়ি জোন।
সোমবার (২২ জুন ২০২৬) জুরাছড়ি জোনের পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে জুরাছড়ি জোনের একটি টহল দল জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফাক আমিন চৌধুরী এবং ক্যাপ্টেন মো. শাহরিয়ার পারভেজের নেতৃত্বে নির্দিষ্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা বিপুল পরিমাণ অবৈধ কাঠ শনাক্ত করা হয়।
পরবর্তীতে সেনাসদস্যরা এলাকাটি ঘিরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করতে সক্ষম হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।
তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত কাঠ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগ ও প্রশাসনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও পাচার দেশের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ ধরনের অপরাধ দমনে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।
সেনাবাহিনী জানিয়েছে, সীমান্ত ও পার্বত্য অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া স্থানীয় জনগণকে বনসম্পদ রক্ষা, অবৈধ কাঠ পাচার প্রতিরোধ এবং তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।