বরকলের দুর্গম তাগলক ঘাটে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ১২৯ জন
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে হরিণা জোন (১২ বিজিবি)। বুধবার সকালে জোনের দায়িত্বপূর্ণ এলাকার তাগলক ঘাটে এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আয়োজিত মেডিক্যাল ক্যাম্পে স্থানীয় অসহায়, দরিদ্র ও চিকিৎসাসেবাবঞ্চিত জনগণের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশু মিলিয়ে মোট ১২৯ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
চিকিৎসা কার্যক্রমে নেতৃত্ব দেন হরিণা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ আসিফুর রহমান। এ সময় বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরাও উপস্থিত ছিলেন এবং সেবাগ্রহীতাদের চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেন।
মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা গ্রহণকারীদের সাধারণ জ্বর, সর্দি-কাশি, চর্মরোগ, গ্যাস্ট্রিক, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
এ সময় মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ আসিফুর রহমান বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনাকেও বিজিবি তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচনা করে। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের অনেক দুর্গম এলাকায় এখনও পর্যাপ্ত চিকিৎসাসেবা সহজলভ্য নয়। এসব এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ছোটহরিণা বিজিবি জোন নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি আরও বলেন, স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের বিভিন্ন সামাজিক ও মানবিক সমস্যার সমাধানে বিজিবি সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম এলাকায় চিকিৎসা সুবিধার সীমাবদ্ধতার কারণে অনেক সময় সাধারণ রোগের চিকিৎসাও পাওয়া কঠিন হয়ে পড়ে। বিজিবির এ ধরনের মেডিক্যাল ক্যাম্প তাদের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।