খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাম গাছ থেকে পড়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাম গাছ থেকে পড়ে রাকিব (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরের দিকে উপজেলার বর্ণাল ইউনিয়নের থৈলাপাড়া এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব স্থানীয় কৃষক আব্দুর রহিমের ছেলে এবং থৈলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে স্কুলে যাওয়ার পথে রাকিব বাড়ির পাশে গাছের নিচে স্কুলব্যাগ রেখে জাম পাড়তে গাছে ওঠে। জাম পাড়ার এক পর্যায়ে গাছে থাকা লাল পিঁপড়ার কামড়ে অতিষ্ঠ হয়ে সে হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলে এবং গাছ থেকে পাশের বাঁশের বেড়ার উপর পড়ে যায়। এতে বাঁশের বেড়া বুকের এক পাশ দিয়ে ঢুকে পিঠের দিক দিয়ে বেরিয়ে যায়। গুরুতর আহত রাকিব ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
স্কুলে যাওয়ার পথে এভাবে অকালে ঝরে যাওয়া এই শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ উদ্দিন বলেন, এ বিষয়ে এখনো তিনি আনুষ্ঠানিকভাবে অবগত নন। তার কাছে কোনো লিখিত অভিযোগ বা তথ্য পৌঁছায়নি। তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।