জুরাছড়িতে অসহায় সন্তানসম্ভবা সমাপ্তি চাকমার উন্নত চিকিৎসা নিশ্চিত করল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় রাঙামাটির পার্বত্য জেলার জুরাছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর জুরাছড়ি জোনের উদ্যোগে অসহায় সন্তানসম্ভবা এক নারীর উন্নত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। উপজেলার জ্যামুরাছড়ি গ্রামের বাসিন্দা সমাপ্তি চাকমার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেনাবাহিনী দ্রুত এগিয়ে এসে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও নিরাপদ হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করে।
আজ বুধবার বিকেলে জুরাছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়, সন্তানসম্ভবা সমাপ্তি চাকমা স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
কিন্তু রোগীর পরিবার আর্থিকভাবে অত্যন্ত অসচ্ছল হওয়ায় উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। বিষয়টি জানতে পেরে সেনাবাহিনীর জুরাছড়ি জোন মানবিক দৃষ্টিকোণ থেকে তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করে। সেনা সদস্যরা প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন এবং জোনের সার্বিক তত্ত্বাবধানে সমাপ্তি চাকমাকে নিরাপদে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
জুরাছড়ি জোনের সময়োপযোগী এ সহায়তার ফলে সমাপ্তি চাকমা দ্রুত উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ পান।

রোগীর স্বামী ও পরিবারের সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনী এবং জুরাছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সেনাবাহিনীর সহযোগিতা না পেলে জরুরি চিকিৎসা পাওয়া তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ত।
স্থানীয়দের মতে, দুর্গম পার্বত্য অঞ্চলে চিকিৎসা সুবিধা সীমিত হওয়ায় অনেক সময় অসহায় মানুষ বিপাকে পড়েন। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর দ্রুত মানবিক উদ্যোগ মানুষের মধ্যে আস্থা ও স্বস্তি তৈরি করেছে।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা এবং আর্থ-সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জুরাছড়ি জোনের এই উদ্যোগও সেই মানবিক দায়িত্ববোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।