ফুটপাতে বসতে না দেয়ায় উপজাতি নারীদের হামলায় বাঙালি দোকানদার আহত, ফাঁসানো হলো মামলায়
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা খাগড়াছড়িতে দোকানের সামনের ফুটপাতে সবজি ও ফল দোকান বসাতে নিষেধ করায় সংঘবদ্ধ উপজাতি নারী ব্যবসায়ীদের হামলায় এক বাঙালি দোকানদার আহত হয়েছেন। পরবর্তীতে এক উপজাতি নারীর মামলায় সদর থানা পুলিশ কর্তৃক আটকও হয়েছেন সেই আহত বাঙালি দোকানদার।
আজ শুক্রবার (৩ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে খাগড়াছড়ি সদর পৌরবাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাজারের কিছু অংশে স্থায়ী দোকানের সামনে ফুটপাত দখল করে সবজি ও ফল বিক্রি করে আসছিলেন কয়েকজন উপজাতি নারী বিক্রেতা। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি, যানজট এবং স্থায়ী ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনায় সমস্যা দেখা দিচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, খাগড়াছড়ি পৌরসভার নির্দেশনা অনুযায়ী ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে এক বাঙালি দোকানদার কয়েকজন উপজাতি নারী বিক্রেতাকে দোকানের সামনে না বসার অনুরোধ জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এ সময় উপজাতি নারী ব্যবসায়ীরা ঘটনাস্থলে জড়ো হলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। সংঘবদ্ধ নারী ব্যবসায়ীরা তাৎক্ষনিক বাঙালি দোকানদারের উপর অতর্কিত হামলা চালান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংশ্লিষ্টদের থানায় নিয়ে যায়।
ঘটনার পর গোলাবাড়ি ইউনিয়নের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য ক্রাইউ মগীনি নিজেকে ভুক্তভোগী দাবি করে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন। সদর থানায় দায়ের হওয়া মামলাটি (মামলা নং-০২, তারিখ: ৩ জুলাই ২০২৬) নিয়মিতভাবে রুজু করা হয়েছে।
মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত হিসেবে মো. ওমর ফারুক (৪০) নামে আহত ওই দোকানদারকে গ্রেপ্তার করে। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার নিচের বাজার এলাকার বাসিন্দা এবং এজাহার মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এদিকে স্থানীয় ব্যবসায়ীদের দাবি, বাজারের শৃঙ্খলা রক্ষা এবং পৌরসভার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়টি নিশ্চিত করা জরুরি। তাদের মতে, স্থায়ী দোকানের সামনে অবৈধভাবে দোকান বসানো বন্ধ করা গেলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি অনেকাংশে রোধ করা সম্ভব হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।