মিজোরামের ভোটার তালিকায় বিদেশি নাগরিকের অন্তর্ভুক্তির অভিযোগ নাকচ নির্বাচন কর্মকর্তার
![]()
নিউজ ডেস্ক
ভারতের মিজোরাম রাজ্যের ভোটার তালিকায় বিদেশি নাগরিকের নাম অন্তর্ভুক্তির অভিযোগ নাকচ করেছেন রাজ্যের প্রধান নির্বাচন কর্মকর্তা (সিইও) গরিমা গুপ্তা। তিনি বলেছেন, সম্প্রতি সম্পন্ন হওয়া বিশেষ ভোটার যাচাই কার্যক্রমে এ ধরনের কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি এবং ভোটার সংখ্যায়ও কোনো অস্বাভাবিক বৃদ্ধি ঘটেনি।
শনিবার বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এসআইআর) কার্যক্রম শেষ হওয়ার পর গরিমা গুপ্তা সাংবাদিকদের বলেন, গত ২০ মে শুরু হওয়া এ কার্যক্রম ২৮ জুন শেষ হয়েছে। এ সময় ভোটারদের সব এনুমারেশন ফর্ম সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে।
তিনি জানান, যাচাই-বাছাই শেষে মিজোরামের ভোটার তালিকা থেকে ৪৬ হাজারের বেশি নাম অপসারণ করা হয়েছে।
গরিমা গুপ্তার এ বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন প্রভাবশালী ছাত্র সংগঠন মিজো জিরলাই পাওল (এমজেডপি) অভিযোগ করেছিল যে, রাজ্যের দক্ষিণাঞ্চলের চাকমা অধ্যুষিত এলাকাগুলোতে ভোটার সংখ্যা ১২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা অস্বাভাবিক এবং উদ্বেগজনক।
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে প্রধান নির্বাচন কর্মকর্তা বলেন, ভোটার তালিকা পুনর্বিবেচনার পুরো প্রক্রিয়া নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে এবং প্রতিটি ভোটারের তথ্য যথাযথভাবে যাচাই করা হয়েছে।
তিনি আরও বলেন, যাচাই কার্যক্রমে ভোটার তালিকায় অস্বাভাবিক বৃদ্ধি কিংবা বিদেশি নাগরিকের নাম অন্তর্ভুক্তির কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে, বিশেষ নিবিড় পুনর্বিবেচনা কার্যক্রম শেষ হওয়ার পর সংশোধিত ভোটার তালিকায় কোনো ধরনের অনিয়মের ইঙ্গিত দেয়নি ভারতের নির্বাচন কমিশনও।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।