ত্রিপুরায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি নারী গ্রেপ্তার
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে দুই বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রোববার (৯ আগস্ট) কাইয়াদেপা এলাকায় সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করে ভারতে প্রবেশের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মধুপুর থানার পুলিশ সদস্যরা ওই দুই নারীকে আটক করেন। গ্রেপ্তার নারীরা হলেন বাগেরহাটের মোল্লাহাট থানার সারুরিয়া এলাকার আরশাদ শেখের স্ত্রী শাকিলা খানম (৩১) এবং নড়াইলের কালিয়া থানার ফুলধার গ্রামের আসলাম মোল্লার স্ত্রী সোনিয়া সুলতানা।
পুলিশের দাবি, কথিত এক দালালের সহায়তায় তারা ঢাকা থেকে ভারতে যান। পরে আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করে ত্রিপুরায় প্রবেশ করেন। তাদের গন্তব্য ছিল ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই। সেখানে হোটেলে কাজের সন্ধানে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন।
পুলিশ জানায়, সীমান্ত এলাকায় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে সদস্যরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের সময় তাদের বক্তব্যে অসঙ্গতি পাওয়া যায়। পরে তারা বৈধ ভ্রমণ নথি ছাড়াই ভারতে প্রবেশ করেছেন বলে জানতে পারে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে দুই নারী জানান, উন্নত কর্মসংস্থানের আশায় তারা ভারতে গিয়েছিলেন। সেখানে কাজ করে উপার্জিত অর্থের একটি অংশ বাংলাদেশে থাকা পরিবারের কাছে পাঠানোর পরিকল্পনা ছিল তাদের। তাদের দুজনেরই বাংলাদেশে পরিবার ও সন্তান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে ভারতের পাসপোর্ট ও ভিসাসংক্রান্ত আইনে মামলা করেছে পুলিশ। রোববার বিকেল ৩টার দিকে তাদের ত্রিপুরার বিশালগড় মহকুমা আদালতে হাজির করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।