বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেল বিজিবির খাগড়াছড়ি সেক্টর
![]()
জার্নাল প্রতিবেদক
প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫’-এ সরকারি প্রতিষ্ঠান ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর খাগড়াছড়ি সেক্টর।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনের হৈমন্তী মিলনায়তনে জাতীয় বৃক্ষমেলা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
খাগড়াছড়ি সেক্টর সূত্রে জানা গেছে, তৎকালীন সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিমের নেতৃত্বে স্থানীয় বন বিভাগ ও বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেক্টরের আওতাধীন বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ গাছের চারা রোপণের পাশাপাশি সেগুলোর পরিচর্যার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় খাগড়াছড়ি বিজিবি সেক্টরের এ অর্জন পরিবেশ সংরক্ষণে তাদের ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে পাহাড়ি এলাকায় বন উজাড়, ভূমিক্ষয় ও পরিবেশগত ভারসাম্যহীনতার ঝুঁকি মোকাবিলায় পরিকল্পিত বৃক্ষরোপণকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ বিনির্মাণে তাদের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।