খাগড়াছড়িতে ৫ বস্তা গুইসাপ উদ্ধার, মারমা নারী আটক
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তা গুইসাপ উদ্ধার করেছে জেলা প্রশাসন ও বন বিভাগ। এ ঘটনায় প্রেমরাছো মারমা (৪৭) নামে এক নারীকে আটক করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে গুইসাপগুলো উদ্ধার করা হয়। পরে আটক নারীকে খাগড়াছড়ি সদর থানায় পাঠানো হয়েছে।
আটক প্রেমরাছো মারমা পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়া গ্রামের অংগিও মারমার স্ত্রী।
অভিযান সংশ্লিষ্টরা জানান, গুইসাপগুলো পাঁচটি বস্তায় ভরে চেঙ্গী স্কয়ার এলাকায় রাখা হয়েছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে বস্তাগুলো উদ্ধার করা হয়। পরে বস্তা খুলে মোট ২৪টি গুইসাপ পাওয়া যায়। এর মধ্যে ১০টি জীবিত এবং ১৪টি মৃত ছিল।
আটক প্রেমরাছো মারমা জানান, চট্টগ্রামের বারইয়ারহাট থেকে ২২ হাজার টাকা দিয়ে গুইসাপগুলো কিনে বিক্রির উদ্দেশ্যে খাগড়াছড়িতে নিয়ে এসেছিলেন।
জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দুর্জয় গোস্বামী জানান, উদ্ধার করা গুইসাপের ঘটনায় নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, পাঁচটি বস্তা থেকে মোট ২৪টি গুইসাপ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০টি জীবিত থাকায় সেগুলো আলুটিলার প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়েছে। আর মৃত ১৪টি গুইসাপ মাটিচাপা দেওয়া হয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী পাচার ও অবৈধ বেচাকেনা বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। গুইসাপসহ বন্যপ্রাণী প্রকৃতির খাদ্যশৃঙ্খল ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে বন্যপ্রাণী শিকার, পরিবহন ও বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, বন্যপ্রাণীকে প্রাকৃতিক পরিবেশ থেকে ধরে এনে বস্তাবন্দি করে দীর্ঘ সময় পরিবহন করলে একদিকে প্রাণীগুলোর মৃত্যুঝুঁকি বাড়ে, অন্যদিকে স্থানীয় জীববৈচিত্র্যের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ে। খাগড়াছড়ির মতো জীববৈচিত্র্যসমৃদ্ধ পাহাড়ি এলাকায় এ ধরনের বন্যপ্রাণী পাচার ঠেকাতে উৎসস্থল থেকে বাজার পর্যন্ত পুরো সরবরাহব্যবস্থায় নজরদারি জোরদার করা প্রয়োজন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।