‘এনআরসি নয়, জনগণনা নয়’: মণিপুরে সেনসাস দপ্তরে বিক্ষোভ, সংঘর্ষে আহত ৩
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের মণিপুরে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) হালনাগাদের আগে জনগণনা (সেনসাস) কার্যক্রম শুরু না করার দাবিতে বিক্ষোভ হয়েছে। রোববার (১৬ আগস্ট) ইম্ফল ইস্টের সেনসাস অপারেশনস দপ্তরের সামনে এ বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্যাম্পেইন ফর জাস্টিস অ্যান্ড ফেয়ার ডিলিমিটেশনের (জেএফডি) ছাত্র শাখার সদস্যরা এ বিক্ষোভ করেন। তারা ‘নো এনআরসি, নো সেনসাস’ স্লোগান দিয়ে আসন্ন জনগণনা কার্যক্রম স্থগিতের দাবি জানান।
বিক্ষোভকারীরা জানান, সোমবার থেকে জনগণনা কার্যক্রম শুরুর কথা রয়েছে। তবে মণিপুরে এনআরসি হালনাগাদ না হওয়া পর্যন্ত জনগণনা স্থগিত রাখার দাবিতে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। একাধিকবার কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
একপর্যায়ে বিক্ষোভকারীরা সেনসাস দপ্তরের প্রবেশপথ বন্ধ করে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত হন বলে বিক্ষোভকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এক বিক্ষোভকারী বলেন, এনআরসি হালনাগাদ এবং জনগণনা কার্যক্রম স্থগিতের বিষয়ে কর্তৃপক্ষ সম্মত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
বিক্ষোভকারীরা মণিপুরে কথিত অবৈধ অভিবাসীদের উপস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি, অবৈধ অভিবাসীদের শনাক্ত না করে জনগণনা পরিচালনা করা হলে রাজ্যের প্রকৃত জনসংখ্যার তথ্য নির্ভুলভাবে নির্ধারণ করা কঠিন হতে পারে।
তাদের আরও দাবি, স্থানীয় জনগোষ্ঠীর বাস্তুচ্যুতি এবং কথিত অবৈধ অভিবাসীদের প্রবেশের কারণে জনগণনা শুরুর আগে এনআরসি হালনাগাদ করা জরুরি। এ ছাড়া দাবি মেনে জনগণনা স্থগিত না করা হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাশেখ হাসিনাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।