দীর্ঘ ১১ বছর পর নিজস্ব জমিতে হচ্ছে নয়াপাড়া ইউনিয়ন পরিষদ ভবন
![]()
জার্নাল প্রতিবেদক
দীর্ঘ ১১ বছর পর নিজস্ব জমিতে স্থাপিত হতে যাচ্ছে বান্দরবানের আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়ন পরিষদের স্থায়ী ভবন। ২০১৫ সালে ইউনিয়ন পরিষদ হিসেবে কার্যক্রম শুরু হলেও নিজস্ব ভবন না থাকায় এতদিন অস্থায়ী ব্যবস্থায় নাগরিক সেবা দিয়ে আসছিল পরিষদটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৫ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে নয়াপাড়া ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। একই সময়ে ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নির্মাণের জন্য উপজেলার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ৩১ শতক জমি নির্ধারণ করা হয়। তবে জমি ও অন্যান্য প্রশাসনিক জটিলতায় দীর্ঘদিনেও সেখানে ভবন নির্মাণ করা সম্ভব হয়নি।
এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর নিজস্ব জমিতে ইউনিয়ন পরিষদের স্থায়ী ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ভবনের জন্য নির্ধারিত ৩১ শতক জমির বায়নামা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
বর্তমানে অস্থায়ী ভবন থেকেই নয়াপাড়া ইউনিয়নের নাগরিকদের বিভিন্ন সরকারি ও নাগরিক সেবা দেওয়া হচ্ছে। স্থায়ী ভবন নির্মিত হলে পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়রা জানান, একটি ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং জনগণকে নিয়মিত নাগরিক সেবা দেওয়ার জন্য নিজস্ব পরিষদ ভবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন অস্থায়ী ব্যবস্থায় কার্যক্রম পরিচালনার কারণে বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তি তৈরি হয়েছে। স্থায়ী ভবন নির্মিত হলে সাধারণ মানুষ একটি নির্দিষ্ট স্থান থেকে প্রয়োজনীয় সরকারি ও নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন।
দীর্ঘ ১১ বছর পর নিজস্ব জমিতে ভবন নির্মাণের উদ্যোগে স্থানীয়দের মধ্যেও স্বস্তি দেখা দিয়েছে। দ্রুত নির্মাণকাজ শুরু করে ভবনটি চালু করা হলে নয়াপাড়া ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে মনে করছেন তারা।
৩ নম্বর নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম কফিল উদ্দিন বলেন, নয়াপাড়া ইউনিয়ন পরিষদ ভবনের জন্য ইতোমধ্যে ৩১ শতক জমির বায়নামা করা হয়েছে। জমির জন্য তিনি নিজ উদ্যোগে ৫ লাখ টাকা দিয়েছেন। জমির বাকি টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় পরিশোধ করা হবে বলেও জানান তিনি।
চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন ধরে নিজস্ব ভবন না থাকায় অস্থায়ী ব্যবস্থায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। নিজস্ব ভবন নির্মিত হলে পরিষদের কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনার পাশাপাশি ইউনিয়নের সাধারণ মানুষকে উন্নত ও সহজতর নাগরিক সেবা দেওয়া সম্ভব হবে।
স্থানীয়দের প্রত্যাশা, জমির আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত ভবন নির্মাণের কাজ শুরু করা হবে এবং দীর্ঘদিনের অস্থায়ী ব্যবস্থার অবসান ঘটিয়ে নিজস্ব ভবন থেকেই নয়াপাড়া ইউনিয়ন পরিষদের সব কার্যক্রম পরিচালিত হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।