টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ আটক ৪
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে ২৫ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়।
বুধবার (১৯ আগস্ট) রাতে টেকনাফের নাফ নদী ও শীলবুনিয়া পাড়া এলাকায় পৃথক অভিযান দুটি পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের নোয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় সন্দেহজনক একটি কাঠের বোটের গতিবিধি নজরে আসে।
পরে কোস্ট গার্ড সদস্যরা বোটটিতে তল্লাশি চালালে সেখান থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত কাঠের বোটটি জব্দ এবং তিনজনকে আটক করা হয়।
শীলবুনিয়া পাড়ায় আরও ৫ হাজার ইয়াবা উদ্ধার
এর আগে একই দিন রাত ৮টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের শীলবুনিয়া পাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের পাঁচ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।
দুটি অভিযানে মোট ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধারের পাশাপাশি চারজনকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, টেকনাফের সীমান্ত ও উপকূলীয় এলাকায় মাদক পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে এবং জব্দ করা ইয়াবা ও কাঠের বোটের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।