রাঙামাটি জেলা পরিষদ পুনর্গঠনে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

রাঙামাটি জেলা পরিষদ পুনর্গঠনে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

রাঙামাটি জেলা পরিষদ পুনর্গঠনে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলালকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় শহরের কাঁঠালতলী এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বনরূপা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপির সভাপতি শফিউল আজমসহ জেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৮ বছরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ দুর্নীতি ও লুটপাটের আখড়ায় পরিণত হয়েছিল। রাজনৈতিক স্বার্থে পরিষদের কার্যক্রম পরিচালিত হওয়ায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন ও সেবা থেকে বঞ্চিত হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, দীর্ঘদিনের স্থবিরতা ও অনিয়ম থেকে জেলা পরিষদকে মুক্ত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন পরিষদ পুনর্গঠন করা হয়েছে। তারা দাবি করেন, নতুন পরিষদে তৃণমূলের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে। এ সিদ্ধান্তের জন্য দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তারা।

সমাবেশ থেকে দলের অভ্যন্তরে থাকা সুবিধাবাদী ও চক্রান্তকারীদেরও সতর্ক করেন নেতারা। তাদের অভিযোগ, জেলা পরিষদ আরও আগেই পুনর্গঠন হওয়ার কথা থাকলেও কিছু সুবিধাবাদী নেতার অপতৎপরতার কারণে প্রক্রিয়াটি বিলম্বিত হয়েছে। ভবিষ্যতে দল বা জেলা পরিষদকে ঘিরে কোনো ধরনের ষড়যন্ত্র হলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেন তারা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও ‘রংধনু জাতি’ (রেইনবো নেশন) গঠনের যে রূপরেখা দিয়েছেন, তা বাস্তবায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নতুন পরিষদকে স্বচ্ছতা, জবাবদিহি ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “কোনো অবস্থাতেই নতুন পরিষদের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। জনগণের প্রত্যাশা পূরণে পরিষদকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

সমাবেশে বক্তারা আরও বলেন, পার্বত্য জেলার উন্নয়ন ও জনসেবার ক্ষেত্রে জেলা পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নতুন পরিষদের সদস্যদের রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে সব জনগোষ্ঠীর মানুষের কল্যাণে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, স্থানীয় উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

এর আগে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখার উপসচিব উজ্জ্বল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়।

নতুন পরিষদ গঠনের খবর ছড়িয়ে পড়ার পর জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল বের করেন। মিছিলে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নতুন পরিষদের কার্যক্রম সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *