বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
![]()
জার্নাল প্রতিবেদক
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উত্তাল সাগর ও বৈরী আবহাওয়ার মধ্যেই অভিযান চালিয়ে তাঁদের নিরাপদে তীরে পৌঁছে দেওয়া হয়।
দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে নিয়মিত টহলের অংশ হিসেবে এ উদ্ধার অভিযান পরিচালনা করে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা কপোতাক্ষ’।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, গত রোববার (২৩ আগস্ট) রাতে বঙ্গোপসাগরে টহল দেওয়ার সময় ‘কপোতাক্ষ’ একটি মাছ ধরার বোট ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসমান থাকার তথ্য পায়। খবর পাওয়ার পরপরই নৌবাহিনীর জাহাজটি উদ্ধার কার্যক্রম শুরু করে।
পরদিন সোমবার সকালে প্রচণ্ড ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই মোংলা ফেয়ারওয়ে বয়ের কাছাকাছি এলাকায় ‘এফবি আল আমিন’ নামের বোটটির সন্ধান পাওয়া যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে নৌবাহিনীর সদস্যরা বোটটিতে থাকা ১৬ জেলেকে উদ্ধার করেন।

উদ্ধারের পর জেলেদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে নৌবাহিনী জানায়, গত ১৯ আগস্ট বাগেরহাটের শরণখোলা এলাকা থেকে ১৬ জন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ‘এফবি আল আমিন’ নিয়ে সাগরে যান। সমুদ্রে যাওয়ার দুই দিন পর বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর প্রায় তিন দিন ধরে বোটটি সাগরে ভাসমান অবস্থায় ছিল।
পরবর্তীতে উত্তাল সাগর ও বৈরী আবহাওয়ার মধ্যেই নৌবাহিনী জাহাজ ‘বানৌজা কপোতাক্ষ’ বোটটিকে টেনে (টোয়িং) সুন্দরবনসংলগ্ন হিরণ পয়েন্ট এলাকায় নিয়ে আসে। সেখানে বোটসহ ১৬ জেলেকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।
নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিপদগ্রস্ত জেলে ও নৌযানকে দ্রুত উদ্ধার করে নিরাপদে পৌঁছে দিতে তারা প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রেখেছে।
উত্তাল সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে বিপদে পড়া ১৬ জেলের পাশে দাঁড়িয়ে নৌবাহিনীর এই উদ্ধার অভিযান শুধু সমুদ্রসীমায় নিরাপত্তা ও নজরদারির দায়িত্বই নয়, দুর্যোগের মুহূর্তে মানুষের জীবন রক্ষায় বাহিনীটির মানবিক দায়িত্বশীলতারও একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।