রাঙামাটিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা
![]()
জার্নাল প্রতিবেদক
মেয়াদোত্তীর্ণ, স্যাম্পল ও অনুমোদনহীন বিদেশি ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে রাঙামাটিতে তিনটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে রাঙামাটি সদর হাসপাতাল এলাকায় জনস্বাস্থ্য সুরক্ষা ও ওষুধের মান নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হিলকো ড্রাগ সাপ্লাইকে ৮ হাজার টাকা, আব্দুল্লাহ ড্রাগ হাউজকে ৮ হাজার টাকা এবং নির্বতা ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ আবু হুরায়রা আদরের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাঙামাটি ড্রাগ সুপার (সহকারী পরিচালক) মাখনূন তাবাসসুম এবং কোতয়ালী থানার এসআই মো. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকারী দল জানায়, পরিদর্শনের সময় কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধের পাশাপাশি চিকিৎসকদের জন্য সরবরাহ করা স্যাম্পল ও অনুমোদনহীন বিদেশি ওষুধ সংরক্ষণ ও বিক্রির তথ্য পাওয়া যায়। এসব ওষুধের যথাযথ অনুমোদন ও মান নিয়ন্ত্রণ না থাকায় তা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
সংশ্লিষ্টরা জানান, ওষুধের মেয়াদ, সংরক্ষণ পদ্ধতি, অনুমোদন এবং বিক্রয় কার্যক্রম তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ফার্মেসি ব্যবসায়ীদের আইন ও সংশ্লিষ্ট বিধিমালা মেনে ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের বিষয়ে সতর্ক করা হয়েছে।
জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।