কয়লারমুখ সীমান্তে বিজিবির অভিযানে ৩ ভারতীয় গরু আটক
![]()
জার্নাল প্রতিবেদক
চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে তিনটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধীনস্থ কয়লারমুখ বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে। আটক গরুগুলোর সিজার মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার আনুমানিক রাত ৭টা ৪০ মিনিটে ব্যাটালিয়ন অধিনায়কের দিকনির্দেশনায় কয়লারমুখ বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২২০৫/৬ আরবি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রহমতপুর নামক স্থানে ফাঁদ পেতে অবস্থান নেয়। পরে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে টহলদলটি ভারত থেকে দুইজন চোরাকারবারীকে তিনটি ভারতীয় গরু নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখতে পায়।
এ সময় বিজিবির টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা গরুগুলো ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি ভারতীয় গরু আটক করতে সক্ষম হন। আটক গরুগুলোর সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানায়, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষা, আভিযানিক কর্মকাণ্ড ও চোরাচালান দমনের পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন সীমান্তে দায়িত্ব পালন করছে।
এ ছাড়া সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য বিজিবির পক্ষ থেকে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।