কুষ্টিয়া সীমান্তে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
![]()
জার্নাল প্রতিবেদক
কুষ্টিয়ার সীমান্তে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির সদস্যরা সীমান্তে অবস্থান নিয়ে বাধা দেওয়ায় ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি বিএসএফ। পরে তাকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্ত পিলার ১৫২/১০-এস থেকে আনুমানিক ১২০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের নার্সারিপাড়া ক্যাম্পের সদস্যরা মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন।
বিষয়টি জানতে পেরে জামালপুর বিওপির বিজিবি সদস্যরা দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেন। বিজিবির বাধার কারণে বিএসএফ ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি। পরে মঙ্গলবার সকালে নদীপথে তাকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সোমবার মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বিএসএফ বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। বিজিবির বাধার মুখে মঙ্গলবার বিএসএফ তাকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।
তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।