রাজধানীতে তুমুল বৃষ্টি, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
![]()
জার্নাল প্রতিবেদক
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাজুড়ে রোববার সকালে তুমুল বৃষ্টি হয়েছে। ভোরে ঝড়ো বাতাস ও বজ্রপাতের পর শুরু হওয়া বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় স্বাভাবিক জনজীবনে কিছুটা ছন্দপতন দেখা দেয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ পরপর বজ্রপাতও হতে থাকে। পরে সকাল সোয়া ৭টার দিকে বিভিন্ন এলাকায় তুমুল বৃষ্টি শুরু হয়।
এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছিল, রোববার দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাত ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। এর আগের দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যেও ঢাকার জন্য ভারী বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। ফলে আগামী কয়েক দিনে রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।