বান্দরবানে দুর্নীতিগ্রস্তদের পদায়ন বন্ধের দাবি বিপ্লবী ছাত্র ঐক্যের
![]()
জার্নাল প্রতিবেদক
দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের বান্দরবানে পদায়ন বন্ধ এবং নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কার্যকর আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র ঐক্য।
শনিবার সকালে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দুর্নীতির অভিযোগে বান্দরবানের সাবেক সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীকে গত ২০ আগস্ট ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছিল। পরবর্তীতে তাকে আবারও বান্দরবানের সিভিল সার্জন হিসেবে চলতি দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে তা পুনর্বিবেচনার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, টাঙ্গাইলের বাসাইল উপজেলায় একটি সেতু নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় আলোচিত উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানকে বান্দরবানের রোয়াংছড়িতে পদায়নের সিদ্ধান্তও বাতিল করতে হবে। তাদের দাবি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ২৪ সেপ্টেম্বরের আদেশে তাকে রোয়াংছড়িতে দায়িত্ব দেওয়ার তথ্য রয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের শাস্তিমূলক বা দায়িত্ব পরিবর্তনের অংশ হিসেবে বান্দরবানের মতো পার্বত্য এলাকায় পদায়নের প্রবণতা বন্ধ করা প্রয়োজন। তাদের মতে, এতে প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ সময় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তাদের পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়।
একই সঙ্গে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিপ্লবী ছাত্র ঐক্যের নেতারা।
তারা বলেন, প্রশাসনিক সিদ্ধান্ত ও আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতের সুযোগ থাকা উচিত নয়। দুর্নীতি, অনিয়ম ও রাজনৈতিক সহিংসতার অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।