বাংলাদেশ পুলিশের স্বতন্ত্র সাইবার ইউনিটের যাত্রা শুরু
![]()
জার্নাল প্রতিবেদক
প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’। সাইবার অপরাধ প্রতিরোধ, তদন্ত, ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ, গোয়েন্দা তৎপরতা এবং সাইবার হুমকি মোকাবিলায় বিশেষায়িত এই ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে নবগঠিত সাইবার পুলিশ ইউনিটের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির, বিপিএমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন।
বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর যোগাযোগ, অনলাইন আর্থিক লেনদেন ও তথ্য আদান-প্রদানের ব্যাপক প্রসারের সঙ্গে সঙ্গে অপরাধের ধরন ও কৌশলেও দ্রুত পরিবর্তন এসেছে। প্রচলিত অনেক অপরাধ এখন ডিজিটাল প্ল্যাটফর্মনির্ভর হয়ে উঠেছে। ফলে সাইবার স্পেসকে কেন্দ্র করে অপরাধের পরিধিও ক্রমেই বিস্তৃত হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়ানো, ব্যক্তিগত তথ্য চুরি, অনলাইন প্রতারণা, হ্যাকিং, ডিজিটাল ব্ল্যাকমেইল, অনলাইন আর্থিক অপরাধসহ বিভিন্ন ধরনের অপরাধ এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। একই সঙ্গে ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল হুন্ডির মাধ্যমে অর্থ পাচার, ডিপ ওয়েব ও ডার্ক ওয়েবের অপব্যবহার, উগ্রবাদী প্রচারণা এবং স্পর্শকাতর তথ্য ফাঁসের মতো জটিল অপরাধও সাইবার নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এসব বহুমাত্রিক অপরাধ মোকাবিলায় প্রচলিত আইনশৃঙ্খলা ব্যবস্থার পাশাপাশি বিশেষায়িত প্রযুক্তিগত দক্ষতা, আধুনিক তদন্ত পদ্ধতি এবং উন্নত ডিজিটাল ফরেনসিক সক্ষমতা প্রয়োজন। সেই বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ পুলিশের কাঠামোর মধ্যে স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নবগঠিত ইউনিটটি দেশের বিভিন্ন পর্যায়ে সাইবার অপরাধ প্রতিরোধ ও তদন্তের পাশাপাশি ডিজিটাল আলামত বিশ্লেষণ এবং ফরেনসিক কার্যক্রম পরিচালনা করবে। সাইবার স্পেসে সম্ভাব্য হুমকি শনাক্ত ও পর্যবেক্ষণ, সাইবার গোয়েন্দা তৎপরতা এবং অনলাইনভিত্তিক উগ্রবাদী কার্যক্রম প্রতিরোধেও ইউনিটটি কাজ করবে।
এ ছাড়া গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করা, সাইবার হামলা ও অন্যান্য প্রযুক্তিনির্ভর হুমকি মোকাবিলা এবং প্রয়োজন অনুযায়ী দেশ-বিদেশের সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির বিষয়টিও ইউনিটটির কার্যক্রমের আওতায় থাকবে।
প্রযুক্তিনির্ভর অপরাধের ক্ষেত্রে অপরাধীরা দেশের সীমানার বাইরে থেকেও কার্যক্রম পরিচালনা করতে পারে। ফলে সাইবার অপরাধ তদন্ত ও প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের প্রয়োজনীয়তাও দিন দিন বাড়ছে। নবগঠিত সাইবার পুলিশ ইউনিট এ ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, সাইবার অপরাধ মোকাবিলায় বিশেষায়িত একটি ইউনিট থাকায় অপরাধের ধরন শনাক্ত, ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণ এবং দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পুলিশের সক্ষমতা আরও বাড়বে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর অপরাধের শিকার নাগরিকদের জন্য দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
বিশেষায়িত এই ইউনিটের কার্যক্রমের মাধ্যমে দেশের সাইবার স্পেসকে আরও নিরাপদ ও সুরক্ষিত রাখার পাশাপাশি নাগরিকদের ব্যক্তিগত তথ্য, অনলাইন লেনদেন ও ডিজিটাল সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের সক্ষমতা আরও সুসংহত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
বাংলাদেশে প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, ততই সাইবার নিরাপত্তার গুরুত্ব বাড়ছে। এমন বাস্তবতায় স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।