টেকনাফ সীমান্তে এক লাখ পিস ইয়াবাসহ দুইজন আটক
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জীম্বংখালী সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন—হোয়াইক্যং ইউনিয়নের জীম্বংখালী গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. সোহেল রানা (২১) এবং একই এলাকার মো. আব্দুর রহিমের ছেলে মো. মামুন (২১)।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, শনিবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের জীম্বংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী জিয়া খাল এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার দিক থেকে দুই ব্যক্তিকে হাতে দুটি পোটলা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।
পরে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবির সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। পরে তাদের বহন করা পোটলাগুলোতে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।