‘নির্বাচন কমিশনকে ব্যাখ্যা দিতেই হবে’: মন্তব্য ভারতের প্রধান বিচারপতির বেঞ্চের
![]()
জার্নাল প্রতিবেদক
জ্ঞানেশ কুমারকে অপসারণের মামলায় ভারতের নির্বাচন কমিশনের থেকে রেকর্ড চেয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার পাঁচই অক্টোবর প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য ওঠে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের তদন্তমূলক প্রতিবেদনে যে ১৪টি সিদ্ধান্তের কথা উল্লিখিত হয়েছিল, সেই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছিল কিনা, সেই সংক্রান্ত মামলার ভিত্তিতে এই রেকর্ড তলব করেছে সুপ্রিম কোর্ট। আবেদনগুলোর মধ্যে একটি দায়ের করেছেন রাকেশ কুমার সিং।
ওই আবেদনে অন্যান্য বিষয়ের পাশাপাশি জানতে চাওয়া হয়েছে যে, বহু-সদস্যবিশিষ্ট সংস্থা হিসেবে ভারতের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত একতরফা ভাবে নেওয়া যেতে পারে না। কমিশনের প্রাথমিক নথিপত্র পরীক্ষা করে দেখা হোক যে, বিতর্কিত পদক্ষেপগুলো সাংবিধানিক ও আইনি কাঠামো মেনে নেওয়া হয়েছিল কি না।
দ্বিতীয় পিটিশনটি যিনি ফাইল করেছেন, সেই আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠি অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন বিচারবিভাগীয় তদন্ত কমিশন বা বিশেষ তদন্তকারী দল গঠনের দাবি জানিয়েছেন। তার দাবি, সেখানে সাইবার নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরাও সহায়ক হিসেবে যেন থাকেন।
এই মামলার শুনানিতে বেঞ্চের পর্যবেক্ষণ, “আমাদের নোটিশ জারি করতেই হবে। নোটিশ জারির পর তারা হাজির হলে এবং নথিতে যদি দেখা যায় যে নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে বা সংখ্যাগরিষ্ঠভাবে নেওয়া হয়নি, তাহলে সেই সিদ্ধান্তগুলোর ব্যাখ্যা তাদেরকেই দিতে হবে।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।