লক্ষীছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় সেনাবাহিনীর সমন্বয় সভা
![]()
জার্নাল প্রতিবেদক
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে উদ্যাপন এবং পূজামণ্ডপসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে খাগড়াছড়ির লক্ষীছড়ি জোনের উদ্যোগে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজাকালীন নিরাপত্তাব্যবস্থা জোরদার, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার সকালে সেনাবাহিনীর লক্ষীছড়ি জোন সদর দপ্তরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম।
সভায় ৩ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক, লক্ষীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন পূজামণ্ডপের পুরোহিত ও পূজা উদ্যাপন কমিটির সদস্য, আনসার-ভিডিপির কর্মকর্তা, লক্ষীছড়ি, দুল্যাতলী ও বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন প্রশাসনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, হেডম্যান, কারবারি ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট ১৭ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পূজার আয়োজন নির্বিঘ্ন রাখতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় পূজা চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পাশাপাশি দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের পারস্পরিক সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে লক্ষীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সব ধর্মের মানুষের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদ্যাপনে সহযোগিতা দিতে বদ্ধপরিকর।
তিনি দুর্গাপূজাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।
সভায় অংশগ্রহণকারীরা আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয় বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।