আলীকদমে দুর্গাপূজার নিরাপত্তায় তিন মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার
![]()
জার্নাল প্রতিবেদক
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলায় তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় তিনি এসব মণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার আলীকদম সদর ইউনিয়নের কেন্দ্রীয় হরি মন্দির এবং নয়াপাড়া ইউনিয়নের কেন্দ্রীয় লোকনাথ মন্দির ও বণিকপাড়া সার্বজনীন মন্দির ঘুরে দেখেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পূজার আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের সতর্ক ও প্রস্তুত থাকার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ, বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে পুলিশ সুপারের আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহযোগিতার জন্যও তাঁরা কৃতজ্ঞতা জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।