কাপ্তাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ৫৪ সদস্য মোতায়েন - Southeast Asia Journal

কাপ্তাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ৫৪ সদস্য মোতায়েন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৫৪ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য মোতায়েন করা হয়েছে। উপজেলার নয়টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন ৩৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষ সদস্য ও ১৮ জন নারী সদস্য। তাঁরা ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দিকনির্দেশনা এবং জেলা কমান্ড্যান্টের আদেশক্রমে এ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, দায়িত্ব বণ্টন, সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ এবং দর্শনার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করতে শুক্রবার (১৬ অক্টোবর) কাপ্তাইয়ে দায়িত্বপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্যদের নিয়ে একটি ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন এ ব্রিফিংয়ের আয়োজন করেন।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। তিনি সদস্যদের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা, দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালন এবং বাহিনীর সুনাম অক্ষুণ্ন রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন জানান, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালকের সঙ্গে কনফারেন্সের মাধ্যমে পাওয়া নির্দেশনার আলোকে সদস্যদের আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হয়েছে। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও দায়িত্ব বণ্টন বিষয়ে তাঁদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক রানা ভট্টাচার্য, প্রশিক্ষিকা, পিসি আমজাদ হোসেন, এপিসি মোছলে উদ্দিনসহ আনসার ও ভিডিপির সদস্যরা।

সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত সময়ে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সতর্কতা ও পেশাদারত্বের মাধ্যমে কাপ্তাইয়ের পূজামণ্ডপগুলোতে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *