প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কাপ্তাইয়ের ৯ মন্দিরে ১ লাখ ৮৬ হাজার টাকা অনুদান
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই উপজেলার নয়টি মন্দিরে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মোট ১ লাখ ৮৬ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। মন্দিরগুলোর আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে বরাদ্দের অর্থ আনুপাতিক হারে বণ্টনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন সংশ্লিষ্ট মন্দির পরিচালনা কমিটির নেতারা।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুদানের অর্থ বণ্টন নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, জ্যেষ্ঠ সহসভাপতি জাফর আহমেদ স্বপন, কাপ্তাই উপজেলা পূজা উদ্যাপন সমন্বয় পরিষদের আহ্বায়ক জগদীশ চন্দ্র দাশ, সদস্যসচিব প্রিয়তোষ ধর পিন্টু এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি ঝুলন দত্ত। এ ছাড়া উপজেলার নয়টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা সভায় অংশ নেন।
সভায় মন্দির পরিচালনা কমিটির সদস্য ও বিএনপি নেতাদের উপস্থিতিতে মন্দিরগুলোর আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে বরাদ্দের অর্থ আনুপাতিক হারে বণ্টনের প্রস্তাব দেওয়া হয়। উপস্থিত সবাই এ প্রস্তাবে সম্মতি জানান।
অনুদান বরাদ্দের জন্য সনাতন ধর্মাবলম্বী নেতারা প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা আশা করেন, এ আর্থিক সহায়তা মন্দিরগুলোর ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।