রামগড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া এমপি
![]()
জার্নাল প্রতিবেদক
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) খাগড়াছড়ি কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রামগড়ের সোনাইপুল জিসি-হেয়াকো জিসি ভায়া খাগড়াবিল সড়কে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
এ সময় খাগড়াছড়ি এলজিইডির নির্বাহী প্রকৌশলী, সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় সড়কের পাশে এবং উপযুক্ত স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে অবদান রাখার প্রত্যাশা করছেন আয়োজকেরা।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য বজায় রাখা, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাব কমাতে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সরকারের বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না; রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি। চারাগুলো যেন বেড়ে উঠে পূর্ণাঙ্গ গাছে পরিণত হতে পারে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এলজিইডি, খাগড়াছড়ি পার্বত্য জেলার বাস্তবায়নে জেলার বিভিন্ন সড়কের পাশে এবং উপযুক্ত খালি জায়গায় পর্যায়ক্রমে এ ধরনের বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। সংশ্লিষ্টদের আশা, পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও চারার পরিচর্যা নিশ্চিত করা গেলে এ উদ্যোগ স্থানীয় পরিবেশের উন্নয়ন, সবুজায়ন বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।