বরকলে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার, জালমালিক গ্রেপ্তার
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার শুভলং ইউনিয়নের কুরকুটিছড়ি এলাকায় মোহাম্মদ আরাফাত হোসেন নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টা ৫০ মিনিটে জোড়টিলা এলাকার মহালছড়িমুখে কাঠালবাগানের পশ্চিম-দক্ষিণ পাশের নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জালমালিক মো. শফিককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরাফাত দীর্ঘদিন ধরে শফিকের কেসকি জালে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ১৩ অক্টোবর তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে আরাফাতকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে তাঁর মরদেহ নদীতে ডুবিয়ে রাখা হয়েছে—এমন অভিযোগ সামনে আসে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে লংগদু উপজেলার মহলছড়ি এলাকা থেকে জালমালিক শফিককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেখিয়ে দেওয়া স্থান থেকে পাথর বাঁধা অবস্থায় আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, মরদেহটি পানিতে ডুবিয়ে রাখার জন্য পেট কেটে পাথর বেঁধে দেওয়া হয়েছিল। তবে এ অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় স্থানীয় জেলেশ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আরাফাতের মৃত্যুর প্রকৃত কারণ, তাঁর সঙ্গে কী ঘটেছিল এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না—এসব বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।