কাপ্তাইয়ে দুই পূজামণ্ডপ পরিদর্শন করলেন রাঙামাটির পুলিশ সুপার
![]()
জার্নাল প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। এ সময় তিনি মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে নির্বিঘ্নে ও নিরাপদে দুর্গোৎসব উদযাপনে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন। পাশাপাশি দুই মন্দির কমিটির কাছে উপহারসামগ্রী হস্তান্তর করেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পুলিশ সুপার চন্দ্রঘোনা কেপিএম কয়লার ডিপু শ্রী শ্রী হরি মন্দির এবং কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি এলাকার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম, পিপিএম, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জাফর আহমদ স্বপন, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, কাপ্তাই উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন সমন্বয় কমিটির আহ্বায়ক মাস্টার জগদীশ চন্দ্র দাশ ও সদস্য সচিব প্রিয়তোষ ধর পিন্টুসহ মন্দির পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই সফরের শুরুতে পুলিশ সুপার চন্দ্রঘোনা কেপিএম কয়লার ডিপু শ্রী শ্রী হরি মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেখানে উপজেলা পূজা উদযাপন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং পূজা উদযাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরে কাপ্তাই উপজেলা সদর এলাকার শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিদর্শন করেন পুলিশ সুপার। সেখানে মন্দিরের সভাপতি আশিষ কুমার দাশ, সাধারণ সম্পাদক উৎম মল্লিকসহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে সবাই স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ সময় পুলিশ সুপার চন্দ্রঘোনা কেপিএম কয়লার ডিপু শ্রী শ্রী হরি মন্দির ও শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে উপহারসামগ্রী তুলে দেন। দুর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজারিরা যেন নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়।
পরিদর্শনকালে গণমাধ্যমকর্মী, দুই মন্দির এলাকার নারী-পুরুষ পূজারি, রাজনৈতিক নেতাকর্মী এবং মন্দির পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।