মণিপুরে সংগীতানুষ্ঠানে গুলিতে নিহত ১, বোমা বিস্ফোরণে ৩ সিআরপিএফ সদস্য আহত

মণিপুরে সংগীতানুষ্ঠানে গুলিতে নিহত ১, বোমা বিস্ফোরণে ৩ সিআরপিএফ সদস্য আহত

মণিপুরে সংগীতানুষ্ঠানে গুলিতে নিহত ১, বোমা বিস্ফোরণে ৩ সিআরপিএফ সদস্য আহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের মণিপুরে পৃথক দুটি সহিংসতার ঘটনায় একজন নিহত ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) তিন সদস্য আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) রাতে থৌবাল জেলায় একটি সংগীতানুষ্ঠানে গোলাগুলিতে ২৪ বছর বয়সী এক যুবক নিহত হন। একই রাতে ইম্ফল পশ্চিম জেলায় বোমা বিস্ফোরণে আহত হন সিআরপিএফের তিন সদস্য। সোমবার (১৯ অক্টোবর) কর্মকর্তারা এ তথ্য জানান।

পুলিশের তথ্যমতে, থৌবাল জেলার সাংগাইয়ুমফাম এলাকার কাছে খাংগাবক-৩-এর চেরাপুর লেইকাইয়ে স্থানীয় একটি ফুটবল ম্যাচ উপলক্ষে আয়োজিত সংগীতানুষ্ঠানে রাত ১১টার দিকে গোলযোগের সূত্রপাত হয়। এ সময় মেইতেই ও মুসলিম সম্প্রদায়ের কয়েকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। একপর্যায়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ডাবল ব্যারেল বন্দুক থেকে ছররা গুলি ছুড়লে থোকচোম রাকেশ নামের ২৪ বছর বয়সী এক যুবক আহত হন। পরে তিনি মারা যান।

পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ঘটনার সূত্রপাত কীভাবে এবং ঠিক কোন পরিস্থিতিতে সংঘর্ষ শুরু হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।

ঘটনার পর সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় থৌবালের জেলা ম্যাজিস্ট্রেট ইয়ুমনাম রোবিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩-এর ১৬৩ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করেন। আদেশে সাংগাইয়ুমফাম ও খাংগাবক রাজস্ব গ্রামের বাসিন্দাদের ১৮ অক্টোবর রাত ১১টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ির বাইরে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে শান্তি ও জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়া এবং মানুষের জীবন ও সম্পদের ক্ষতির আশঙ্কার কথা জানানোর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সরকারি সংস্থা, বিদ্যুৎ, চিকিৎসা ও পানি সরবরাহের মতো জরুরি পরিষেবা এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত নিরাপত্তা বাহিনী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এদিকে, গুলির ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে খাংগাবকের স্থানীয় বাসিন্দারা সড়কে নেমে অবরোধ করেন। জনসমাগমস্থলে গুলি চালানোর ঘটনায় দায়ী ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

অন্যদিকে, রোববার রাত ১১টা ৪১ মিনিটের দিকে ইম্ফল পশ্চিম জেলার সিংজামেই থানার প্রায় ৫০০ মিটার দক্ষিণে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সিআরপিএফের ১৮৯তম ব্যাটালিয়নের ই কোম্পানির তিন সদস্য আহত হন। তাঁরা হলেন সি পুনামবালাম (৫৮), রমেশ কুমার (৫৭) ও পবিত্র কুমার জেনা (৫৬)। তাঁরা কাকওয়া লামদাইবুং লাম্পাকে অবস্থানরত ইউনিটের সদস্য ছিলেন। আহতদের দ্রুত ইম্ফলের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ ও পরিস্থিতি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ হামলার দায় কোনো সংগঠন এখন পর্যন্ত স্বীকার করেনি।

এর আগে গত ৮ অক্টোবর ইম্ফল পূর্ব জেলার নিউ লাম্বুলানে র‌্যাপিড অ্যাকশন ফোর্সের (র‌্যাফ) একটি অস্থায়ী পোস্টে দায়িত্ব পালনকালে বোমা হামলায় সিআরপিএফের এক সদস্য আহত হয়েছিলেন। ওই ঘটনার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে নতুন করে এ বিস্ফোরণের ঘটনা ঘটল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *