সৌদির পবিত্র স্থানগুলোর নিরাপত্তায় কোনো আপস নয়: পাকিস্তান সেনাবাহিনী
![]()
জার্নাল প্রতিবেদক
সৌদি আরবের সার্বভৌমত্ব এবং পবিত্র মসজিদগুলোর নিরাপত্তার প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
তিনি বলেছেন, ‘সৌদি আরবের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তা এমন বিষয়, যা নিয়ে কোনো আপস করা সম্ভব নয়।’
ইন্ডিপেন্ডেন্ট আরাবিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা, নিরাপত্তা এবং সর্বোপরি হারামাইন শরিফাইনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কোনো আলোচনা সাপেক্ষ বিষয় নয়; পাকিস্তানের কাছে এটি একটি অবিসংবাদিত বিষয়। সুতরাং, আমরা যখন এ কথা বলছি, তখন এটি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় যেকোনো সহায়তা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও দেওয়া হবে।’
সৌদি আরবের ওপর হুতিদের ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ডিজি আইএসপিআর এসব মন্তব্য করলেন। তিনি সতর্ক করে বলেছেন, সৌদি আরবের ওপর এসব হামলার জবাব ‘মক্কা চুক্তির’ অন্তর্ভুক্ত দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেওয়া হবে।
তিনি জোর দিয়ে বলেছেন, পাকিস্তান ‘সৌদি আরবকে প্রয়োজনীয় সামরিক সহায়তা দিচ্ছে এবং সব ধরনের উপায় কাজে লাগাতে প্রস্তুত রয়েছে’।
ইয়েমেন সরকারকে সরাসরি সামরিক সহায়তা দেয়ার সম্ভাবনার বিষয়ে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ইসলামাবাদ কোনো আনুষ্ঠানিক অনুরোধ পেয়েছে কি না তা তিনি জানেন না, তবে উল্লেখ করেছেন, পাকিস্তান তাদের কাছে আসা যেকোনো অনুরোধ ‘বিবেচনা করবে এবং সে বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেবে।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।