সৈকতে গোসলে নেমে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে হিমছড়ি সাগরনিবাস সৈকত পয়েন্টে ভেসে আসা মরদেহটি উদ্ধার করেন বিচকর্মী ও স্থানীয় লোকজন।
নিহত পর্যটকের নাম মোহাম্মদ হারুন। তার বাড়ি চট্টগ্রামের বায়েজিদ এলাকায়। এ নিয়ে এ ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার হলো। এখনও নিখোঁজ রয়েছেন এসএম নাফিসুর রহমান নিবিড় (২৩)। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও লাইফগার্ড কর্মীরা যৌথ অভিযান চালাচ্ছেন।
নিবিড় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ঢাকার আজিমপুর এলাকার নাবিবুর রহমানের ছেলে।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোলাইমান হোসেন জানান, গত ১৮ অক্টোবর ঢাকার উত্তরা থেকে সাত বন্ধু বান্দরবানের উদ্দেশে রওনা হন। সেখানে দুই দিন ভ্রমণ শেষে বুধবার দুপুরে তারা কক্সবাজারে পৌঁছান। দুপুর ১টার দিকে তারা হিমছড়ির প্যাঁচার দ্বীপ এলাকার একটি রিসোর্টে ওঠেন। দুপুরের খাবার শেষে বিকেলে তারা সমুদ্রে গোসল করতে নামেন। এ সময় চট্টগ্রাম থেকে আসা পর্যটকদের আরেকটি দলও সেখানে গোসল করতে নামে।
তিনি আরও জানান, পর্যটকদের অনেকেই সাঁতার জানতেন না। গোসলের সময় কয়েকজনকে পানিতে ডুবে যেতে দেখে অন্যরা তাদের সাহায্য করতে এগিয়ে যান। এ সময় স্রোতের টানে তারাও ভেসে যেতে থাকেন। পাঁচজন যুবক সাগরে ডুবে যান এবং একজনকে তাৎক্ষণিকভাবে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। সন্ধ্যায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া তিন পর্যটক হলেন সাইবুল হক জিসান (২৩), আল মাহিবুর ইবনে মোকাররম (২৪) ও মোহাম্মদ আকাশ। জিসান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। আল মাহিবুর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিবিএর শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার মুকাররম হোসেনের ছেলে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।