খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা: সাজেক সড়ক সচল করতে উচ্চপর্যায়ের মধ্যস্থতাকারী দল গঠনের প্রস্তাব

খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা: সাজেক সড়ক সচল করতে উচ্চপর্যায়ের মধ্যস্থতাকারী দল গঠনের প্রস্তাব

খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা: সাজেক সড়ক সচল করতে উচ্চপর্যায়ের মধ্যস্থতাকারী দল গঠনের প্রস্তাব
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সাজেক সড়কে চলাচল স্বাভাবিক করা, পর্যটকদের দুর্ভোগ নিরসন এবং এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সড়ক অবরোধকারীদের প্রতিনিধিদের সঙ্গে ধাপে ধাপে আলোচনা, উচ্চপর্যায়ের যৌথ মধ্যস্থতাকারী দল গঠন এবং অবিলম্বে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দেওয়ার প্রস্তাব উঠে এসেছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।

সভায় সেনাবাহিনী, পুলিশ, বেসামরিক প্রশাসন, গোয়েন্দা সংস্থা, পার্বত্য জেলা পরিষদ, সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি, বাস-ট্রাক মালিক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতি এবং স্থানীয় পর্যটন খাতের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর বারবার বাধার কারণে সাজেক সড়ক বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের দৈনন্দিন দুর্ভোগের বিষয়টি বিস্তারিতভাবে উঠে আসে। দীর্ঘস্থায়ী এ অচলাবস্থার কারণে স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হচ্ছে উল্লেখ করে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এ পরিস্থিতি যেকোনো সময় বড় আকার ধারণ করে সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কা তৈরি করতে পারে বলেও সভায় সতর্ক করা হয়।

সভায় উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, প্রাথমিকভাবে সংকট নিরসনে স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের মাধ্যমে সড়ক অবরোধকারী আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে ধাপে ধাপে আলোচনার উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার নিরাপত্তা বাহিনী, জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের যৌথ মধ্যস্থতাকারী দল গঠনের প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবিত এ দলের নেতৃত্বে থাকবেন সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

সভায় সাজেক সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন করে সাধারণ মানুষকে জিম্মি করা এবং এ উসকানিমূলক কর্মকাণ্ডে প্রকাশ্যে মদদ দেওয়ার অভিযোগে কার্বারী অ্যাসোসিয়েশনকে কঠোর জবাবদিহির আওতায় আনার বিষয়েও আলোচনা হয়।

সভা শেষে জনদুর্ভোগ সৃষ্টিকারী অবৈধ অবরোধ প্রতিহত করা, এলাকার সামগ্রিক নিরাপত্তা বজায় রাখা এবং অবিলম্বে যান চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়।

সাজেক সড়কে যোগাযোগ স্বাভাবিক করা এবং উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed