সাজেক সংকট নিরসনে জেএসএস-ইউপিডিএফ-প্রশাসনকে নিয়ে আলোচনার আহ্বান
![]()
জার্নাল প্রতিবেদক
সাজেকের চলমান সংকট নিরসনে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউপিডিএফ ও প্রশাসনকে নিয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র সাজেকে দীর্ঘদিন পর্যটন কার্যক্রম বন্ধ থাকলে এ খাতের সঙ্গে জড়িত অসংখ্য মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তাই সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনায় বসে সংকটের শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে হবে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মিলনায়তনে সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, সম্প্রতি সাজেককে কেন্দ্র করে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তা সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে। এ সংকট নিরসনে জেএসএসের সন্তু লারমা পক্ষ, ইউপিডিএফের নেতারা এবং প্রশাসনকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন অঞ্চল। পর্যটন খাতের সঙ্গে পরিবহন, হোটেল-রিসোর্ট, রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসা ও সেবামূলক কার্যক্রম জড়িত। এ খাত বাধাগ্রস্ত হলে শুধু পর্যটন ব্যবসায়ীরা নন, এর ওপর নির্ভরশীল বহু মানুষের জীবিকাও সংকটে পড়বে। তাই আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করে পর্যটন কার্যক্রম সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মৈত্রী চাকমার সভাপতিত্বে সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির সাংসদ ও ফাউন্ডেশনের উপদেষ্টা দীপেন দেওয়ান এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, সদর জোন অধিনায়ক একরামুল রাহাত এবং রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
আলোচনা সভা শেষে কৃতী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
এ ছাড়া প্রয়াত সাংবাদিক একেএম মকছুদ আহমদকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। পরে সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোরদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।