ইয়াবা পাচারের অপরাধে রোহিঙ্গা মা-ছেলের ১১ বছর কারাদণ্ড - Southeast Asia Journal

ইয়াবা পাচারের অপরাধে রোহিঙ্গা মা-ছেলের ১১ বছর কারাদণ্ড

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইয়াবা পাচারের দায়ে এক রোহিঙ্গা নারী ইয়াবা ব্যবসায়ীকে ৬ বছর ও তার ছেলেকে ৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত বুধবার কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ-১ মাহমুদুল হাসান এ রায় প্রদান করেন।

জানা যায়, ২০১৬ সালের ২৮ জুলাই দুপুরের দিকে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউজের পূর্ব পার্শ্বে ২ নম্বর বর্ডারগার্ড ব্যাটালিয়নের একটি টিম অভিযান চালিয়ে ৯ লাখ ৯৯ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৩৩০ ইয়াবা, মিয়ানমারের ৫০০ টাকার একটি নোট উদ্ধার করে। একই সঙ্গে মিয়ানমারের আকিয়াব জেলার মংডুর দলিয়া পাড়ার মোজাব্বর আহম্মদের স্ত্রী নুনু এবং তার ছেলে মোহাম্মদ ইউনুসকে গ্রেফতার করে।

এ বিষয়ে ২ নম্বর বর্ডারগার্ড ব্যাটালিয়নের নায়েক সুবেদার গুরুপদ বিশ্বাস বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করে।

যুক্তিতর্ক শেষে আসামি রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী নুনুকে ৬ বছর সশ্রম কারাদণ্ড, তার ছেলে মো. ইউনুসকে একই ধারায় ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং উভয়কে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে প্রত্যেককে আরো এক মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।

দণ্ডিত রোহিঙ্গা আসামিরা পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট আবদুর রউফ।