উখিয়ায় এপিবিএন এর সঙ্গে গোলাগুলি, আরসা কমান্ডার নিহত
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) গোলাগুলিতে আরসা কমান্ডার আব্দুল মজিদ ওরফে লালাইয়া নিহত হয়েছেন। এ সময় তিন সন্ত্রাসীকে আটক করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্প-১৯ এর ৮ নম্বর ব্লকে এ গোলাগুলির ঘটনা ঘটে। আটককৃত তিনজন হলেন- মোহাম্মদ তাহের, জামাল হোসেন ও লিয়াকত আলী।
৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, মঙ্গলবার সকালে ক্যাম্প-১৯ এর ৮ নম্বর ব্লকের আমিন মাঝির বাসার পাশে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবর পায় এপিবিএন। সেখানে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে আরসা সদস্যরা। এ সময় এপিবিএনও পাল্টা গুলি ছোঁড়ে। গোলাগুলির পর কয়েকটি ঘরে তল্লাশি করে আরসা কমান্ডার আব্দুল মজিদ ওরফে লালাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, এ সময় মরদেহের পাশে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
তিনি আরো বলেন, নিহত লালাইয়া রোহিঙ্গা ক্যাম্পে সংগঠিত ৪টি হত্যা মামলার আসামি। গোলাগুলির ঘটনায় ২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।