দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে কক্সবাজার অঞ্চলের রামু, আলীকদম, চকরিয়া উপজেলা ও ফাঁসিয়াখালীতে বসবাসরত দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার পরিকল্পনা গ্রহণ করেছে সেনাবাহিনীর ৯৭ পদাতিক ব্রিগেড।

এরই অংশ হিসেবে ১৮ এপ্রিল (মঙ্গলবার) আলীকদম, চকরিয়া ও ফাসিয়াখালী নামক স্থানে দরিদ্র ও দুস্থদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে চাল-১০ কেজি, চিনি-১ কেজি, সয়াবিন তৈল-১ কেজি, ডাল-২ কেজি, আটা-২ কেজি, লবন-০.৫ কেজি, আলু-৫ কেজি এবং সেমাই-২ প্যাকেট সম্বলিত খাদ্যের প্যাকেট ৩০০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
৯৭ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মঈনুদ্দীন শামীম উপস্থিত থেকে দরিদ্র জনগণের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন।

উল্লেখ্য, ‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’ এই মূলমন্ত্রে দিক্ষিত বাংলাদেশ সেনাবাহিনী সকল প্রকার দূর্যোগ ও সু-সময়ে দেশের জনগণের পাশে থেকে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী নিজস্ব উদ্যোগে পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।