ভাসানচরে হত্যা মামলার আসামি রোহিঙ্গা যুবককে পিটিয়ে হত্যা - Southeast Asia Journal

ভাসানচরে হত্যা মামলার আসামি রোহিঙ্গা যুবককে পিটিয়ে হত্যা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে হত্যা মামলার আসামি সাইফুল ইসলামকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাইফুল ইসলাম (২৮) রোহিঙ্গা ক্যাম্পের ৫৩নং ক্লাস্টারের ইমান হোসাইনের ছেলে।

গত ২ জুলাই রোববার সন্ধ্যায় ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে একই দিন ভোররাতের দিকে ২০ শয্যাবিশিষ্ট ভাসানচর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, পূর্বশক্রতার জের ধরে কে বা কারা সাইফুলকে বেধড়ক পিটিয়ে ৫৫নং ক্লাস্টারের ১৬নং কক্ষের বারান্দার সিঁড়ির কাছে রেখে যায়। সেখানে মাথায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল সাইফুল। খবর পেয়ে পুলিশ শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ভাসানচর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতের দিকে তিনি মারা যান।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, নিহত যুবকের বিরুদ্ধে ভাসানচর থানায় হত্যা মামলাসহ দু’টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।