ময়মনসিংহে সেনাবাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী শুরু
![]()
নিউজ ডেস্ক
ময়মনসিংহে সেনাবাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী শুরু হয়েছে। রোববার ময়মনসিংহ সেনানিবাসের ১৩ বীর ও ৮ ই বেঙ্গলের প্রশিক্ষণ মাঠে শুরু হয় ঘাটাইল এরিয়ার এই সমরাস্ত্র প্রদর্শনী। ৩০ মার্চ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী।
প্রদর্শনীর উদ্বোধন করেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী।
উপস্থিত ছিলেন ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, বঙ্গবন্ধু ও মোমেনশাহী সেনানিবাস এলাকায় কর্মরত অফিসার, জেসিও, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রমুখ।
লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী বলেন, প্রদর্শনীর মাধ্যমে সেনাবাহিনীর আধুনিকায়নে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, তা সর্বসাধারণকে জানার সুযোগ করে দেওয়া হয়েছে।