মুক্তাগাছায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণ
![]()
নিউজ ডেস্ক
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শীতার্ত ও চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জনকল্যাণমূলক এ কার্যক্রমে স্থানীয় দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে স্বস্তি ফিরে আসে।
আজ শুক্রবার সকালে মুক্তাগাছার হাজী কাশেম আলী মহিলা কলেজ প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম এবং শারীরিক শিক্ষা কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
কর্মসূচি পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ করেন সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ।

এসময় ৭৭ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মালিক সামস উদ্দিন মুহাম্মদ মঈনসহ ঘাটাইল এরিয়া ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর আয়োজিত এ কর্মসূচির আওতায় মোট ২৫০ জন অসহায় নারী-পুরুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয়। একই সঙ্গে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনেক মানুষ দীর্ঘদিন ধরে আর্থিক অক্ষমতার কারণে চোখের চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন, সেনাবাহিনীর এই উদ্যোগে তারা প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ পেয়েছেন।

চিকিৎসা ও শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম ও সাধারণ মানুষের নাগালের বাইরে থাকা এসব সেবা সেনাবাহিনী সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় শীতার্ত ও চিকিৎসাবঞ্চিত জনগোষ্ঠীর দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন অঞ্চলে মানবিক সহায়তা, চিকিৎসা সেবা ও সামাজিক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের পাশে থেকে আস্থা, সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।