নির্বাচনী নিরাপত্তা ও সমন্বয় জোরদারে পটুয়াখালী–খুলনা সফরে সেনাপ্রধান
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনরত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে পটুয়াখালী ও খুলনা সফর করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ বুধবার দিনব্যাপী এ সফরে তিনি মাঠপর্যায়ের প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্ব পালনে নিয়োজিত সেনাসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।

এ সভায় নির্বাচনকালীন নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। পরে তিনি খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুরূপ আরেকটি মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময় সভাগুলোতে সেনাবাহিনী প্রধান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে সেনাসদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার পাশাপাশি নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন।
একই সঙ্গে তিনি অসামরিক প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে যেকোনো পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবেলার নির্দেশনা প্রদান করেন।

পটুয়াখালী ও খুলনা সফরকালে সেনাবাহিনী প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; জিওসি, ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বরিশাল এরিয়া; সেনাসদর, বরিশাল ও যশোর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ। এছাড়াও সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারগণ, অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় প্রশাসনকে সহায়তা করছে, যার অংশ হিসেবেই সেনাবাহিনী প্রধানের এই মাঠপর্যায়ের পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।