সিরাজগঞ্জে সেনাবাহিনীর মানবিক সেবা: একদিনে ১ হাজার ৮২৯ জন পেলেন বিনামূল্যে চিকিৎসা
![]()
নিউজ ডেস্ক
সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল চর ভানুডাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী একটি বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী চর ভানুডাঙ্গা ইছামতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন, বগুড়া এর অধীনস্থ ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি চিকিৎসা সেবা প্রদান করে।

এই মানবিক মেডিকেল ক্যাম্পেইনে মোট ১ হাজার ৮২৯ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এর মধ্যে পুরুষ রোগী ছিলেন ৬৫৪ জন, নারী রোগী ৯৪৫ জন এবং শিশু রোগী ছিল ২৩০ জন।
দিনব্যাপী এ কার্যক্রমে স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

বাংলাদেশ সেনাবাহিনীর এ মহৎ উদ্যোগে সিরাজগঞ্জের দুর্গম এলাকার সাধারণ মানুষ সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে অনেকেই সেনাবাহিনীর প্রতি আস্থা ও শ্রদ্ধা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রসঙ্গত, দেশের প্রত্যন্ত ও পিছিয়ে পড়া অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।