মহিপালে যৌথ অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ, পরিবহন কর্মকর্তা আটক
![]()
নিউজ ডেস্ক
ফেনীর সদর উপজেলার মহিপাল এলাকায় এসএ পরিবহনের একটি শাখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। অভিযানে পরিবহনটির ম্যানেজার ও সহকারী ম্যানেজারসহ দুইজনকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী মহিপালে অবস্থিত এসএ পরিবহনের শাখায় অভিযান চালায়। অভিযানে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, ভোজ্য তেল, বডি স্প্রে, সাবান, টুথপেস্ট, ফেসওয়াশ, আতশবাজিসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লাখ ১৫ হাজার ৮০০ টাকা।
এ ঘটনায় এসএ পরিবহনের ম্যানেজার মো. আতিকুর রহমান (৩৭) ও সহকারী ম্যানেজার মো. ফারুক হোসেন (৩৫)কে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এদিকে একই দিনে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী এলাকায় রাতভর পৃথক অভিযান পরিচালনা করে আনুমানিক ২ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করেছে।
আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোশারফ হোসেন বলেন, নির্বাচনকালীন দায়িত্বে মোতায়েন থাকা সত্ত্বেও বিজিবি সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। চোরাচালানবিরোধী কার্যক্রমে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, সীমান্তবর্তী জেলাগুলোতে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সমন্বিত অভিযান সম্প্রতি আরও জোরদার করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।