দীঘিনালায় অবৈধভাবে পাচারকালে সেনা অভিযানে ৬ লাখ টাকার কাঠ জব্দ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্যে জেলার দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সেনাবাহিনীর দীঘিনালা জোনের অধীনস্থ বেতছড়ি সাব জোন কমান্ডার ক্যাপ্টেন মোঃ হাসনাইন আলভীর নির্দেশনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ কামাল হোসেনের নেতৃত্বে বেতছড়ি আর্মি চেক পোস্টে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এসময় দুটি চাঁদের গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হলে সেগুলো থেকে ১৩৫ পিস গোদা ও সেগুন কাঠ জব্দ করা হয়।

জব্দকৃত কাঠের মোট পরিমাণ প্রায় ১৭৪ ঘনফুট এবং এর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২৬ হাজার ৪০০ টাকা বলে জানানো হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকা থেকে অবৈধভাবে কাঠ সংগ্রহ করে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের হাজাছড়া এলাকা হয়ে খাগড়াছড়িতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

অভিযান চলাকালে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে। পরবর্তীতে জব্দকৃত কাঠ মেরুং রেঞ্জের ডেপুটি রেঞ্জার মোঃ জাফর উল্লাহসহ সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, পার্বত্য এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও পাচারের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বন উজাড় ও চোরাচালান রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।