সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের অভিযান: অস্ত্র ও গোলাবারুদসহ তিন ইউপিডিএফ সন্ত্রাসী আটক
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় অস্ত্র ও গোলাবারুদসহ প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন উপজাতিভিত্তিক আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের তিন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।
আজ (২৫ জুন) ভোররাত আনুমানিক আড়াইটার দিকে এ অভিযান চালানো হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা উপজেলার জার্মপ্লাজম, হ্যাচকপাড়া ও কুলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের মাটিরাঙ্গা জোন।
অভিযান চালিয়ে সেনাবাহিনীর সদস্যরা একটি পিস্তল, একটি এলজি ও বিভিন্ন সরঞ্জামসহ তিন ইউপিডিএফ সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন, গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের লক্ষ্যসি পাড়ার বাসিন্দা হ্লাপ্রুসাই মারমা (৩০), তিনি থোয়াইগ্য মারমার ছেলে; গুইমারা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কলা পাড়ার বাসিন্দা তেজেন্দ্র চাকমা (২৭), তিনি সুমইল্লা চাকমার ছেলে; এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মানসি পাড়ার বাসিন্দা বিশ্ব ত্রিপুরা (২৮), তিনি দূর্গ মোহন ত্রিপুরার ছেলে।
সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।
নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে, গত ২৪ ও ২৫ জুন জেলার পানছড়িতে পরিচালিত সেনা অভিযানে টিকতে না পেরে অস্ত্র, গুলি ও সরঞ্জামসহ দুই সশস্ত্র সন্ত্রাসী আত্নসমর্পন করে। এছাড়া গতকাল ২৫ জুন জেলার রামগড়ে সেনা অভিযানে গুলি-পাল্টাগুলির পর এক ইউপিডিএফ সন্ত্রাসী নিহত এবং অস্ত্রসহ আরেক সন্ত্রাসীকে আটক করা হয়েছিলো।
ঘটনার পর রামগড় ও পানছড়ির সংশ্লিষ্ট এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তির অনুভূতি ফিরে এসেছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে সশস্ত্র তৎপরতা, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছিল, সাম্প্রতিক এই অভিযানের পর তা অনেকাংশে কমেছে বলে দাবি করছেন স্থানীয়রা। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।