বাগো অঞ্চলে জান্তা বাহিনীর হামলায় নারী-শিশুসহ ৩০ বেসামরিক নিহত: কেএনইউ
![]()
নিউজ ডেস্ক
মিয়ানমারের বাগো অঞ্চলের নিয়াউংলেবিন টাউনশিপে ইয়েই টুইন গোন গ্রামাঞ্চলে জান্তা বাহিনীর অভিযানে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ)।
সোমবার দেওয়া এক বিবৃতিতে কেএনইউ জানায়, গত ৫ মার্চ লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ২৬৪, ২০ ও ৪৩৯-এর প্রায় ৩০০ জন সেনা ওই গ্রামাঞ্চলে প্রবেশ করে এবং আনুমানিক ১৬০ জন গ্রামবাসীকে আটক করে।
সংগঠনটি জানায়, আটক ব্যক্তিদের মধ্যে ২৫ জন রোববার বিমান হামলায় নিহত হন এবং আরও পাঁচজনকে সরাসরি হত্যা করা হয়।
কারেন পিস সাপোর্ট নেটওয়ার্ক (কেপিএসএন) জানিয়েছে, ৫ মার্চ সেনারা ইয়েই টুইন গোন গ্রামাঞ্চলে প্রবেশের দিনই পাঁচজন গ্রামবাসীকে গুলি করে হত্যা করে। কারেন ভাষায় এই গ্রামটির নাম হতি পু লু।
কেপিএসএনের মিডিয়া সমন্বয়ক এডওয়ার্ড বলেন, “যখন জান্তা বাহিনী হতি পু লুতে ঢোকে, তখন গ্রামবাসীরা পালিয়ে যাচ্ছিল। সেই সময় তাদের কয়েকজনকে গুলি করা হয়।” তিনি গ্রাম থেকে পালিয়ে আসা এক প্রত্যক্ষদর্শীর তথ্য উদ্ধৃত করে এ কথা বলেন।
তিনি জানান, নিহত ওই পাঁচজনের বয়স ছিল ৩৫ থেকে ৫৩ বছরের মধ্যে।

কেএনইউর তথ্য অনুযায়ী, ঘটনার দুই দিন পর গ্রামটির কাছে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) এবং জান্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে জান্তা বাহিনী ড্রোন ও যুদ্ধবিমান দিয়ে বিমান হামলা চালায়।
কেপিএসএনের এডওয়ার্ড বলেন, বিমান হামলায় ইয়েই টুইন গোন গ্রামাঞ্চলের অন্তর্ভুক্ত কিয়াউং গোন এবং দালা সেইক গ্রামে বোমা ফেলা হয়। এতে ১৪ শিশুসহ ২৫ জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের মধ্যে নয়জন নারী।
সোমবার কেএনইউ, কেপিএসএন এবং সমান্তরাল বেসামরিক সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) যে আকাশপথে ধারণ করা ভিডিও ও ছবি প্রকাশ করেছে, তাতে অন্তত ২৫ জন বেসামরিক নাগরিককে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। আরেকটি ছবিতে নয়জন গ্রামবাসীকে কবর খুঁড়তে দেখা গেছে।
গ্রাম থেকে পালিয়ে আসা এক প্রত্যক্ষদর্শী জানান, আটক গ্রামবাসীদের ইয়েই টুইন গোন গ্রামের একটি স্কুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। সেখানে জান্তা বাহিনীর সদস্যরা কেএনইউ ও পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) নেতাদের অবস্থান সম্পর্কে তথ্য জানতে চাপ দিচ্ছিল।

তিনি আরও বলেন, সোমবার সন্ধ্যায় প্রতিরোধ বাহিনীর সহায়তায় ১০৯ জন গ্রামবাসী পালিয়ে যেতে সক্ষম হন।
কারেন পিস সাপোর্ট নেটওয়ার্ক এ ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে নিন্দা জানিয়েছে।
বাগো অঞ্চলের জান্তা নিয়োগপ্রাপ্ত প্রশাসনের মুখপাত্র ইউ টিন উ’র কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও তিনি দ্য ইরাবতীকে কোনো প্রতিক্রিয়া জানাননি।
কেএনইউ অভিযোগ করেছে, জান্তা সরকার নিজেদের জন্য একটি “রাজনৈতিক পথ বের করতে” ভুয়া নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। তারা আরও বলেছে, নির্বাচনী সময়েও জান্তা বাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে এবং এখনও তা অব্যাহত রয়েছে।
জাতিগত এই সশস্ত্র সংগঠনটি জানিয়েছে, নিহতদের সঠিক সংখ্যা যাচাই করা হচ্ছে এবং যাচাই শেষ হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।