ইরাকে বিমান হামলায় শিয়া আধাসামরিক বাহিনীর কমান্ডারসহ ১৫ জন নিহত

ইরাকে বিমান হামলায় শিয়া আধাসামরিক বাহিনীর কমান্ডারসহ ১৫ জন নিহত

ইরাকে বিমান হামলায় শিয়া আধাসামরিক বাহিনীর কমান্ডারসহ ১৫ জন নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে আধাসামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর একটি ঘাঁটিতে বিমান হামলায় অন্তত ১৫ যোদ্ধা নিহত হয়েছে।

নিরাপত্তা ও স্বাস্থ্য সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ভোরে চালানো এ হামলায় নিহতদের মধ্যে পিএমএফ-এর আনবার অপারেশন কমান্ডার সাদ আল-বাইজিও রয়েছেন।

এক বিবৃতিতে পিএমএফ তাদের কমান্ডার সাদ আল-বাইজি ও তার ১৪ সঙ্গীর মৃত্যুর কথা নিশ্চিত করেছে।

গোষ্ঠীটি এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে জানিয়েছে, কর্তব্যরত অবস্থায় একটি কমান্ড সদর দপ্তর লক্ষ্য করে মার্কিন বিমান হামলাটি চালানো হয়।

স্বাস্থ্য সূত্রগুলো জানিয়েছে, হামলায় আরও ৩০ জন আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

শীর্ষ কমান্ডারদের উপস্থিতিতে একটি নিরাপত্তা বৈঠক চলাকালীন ওই সদর দপ্তরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে সূত্রগুলো যোগ করেছে।

পিএমএফ বা ‘হাশদ আল-শাবি’ হলো মূলত শিয়া সশস্ত্র উপদলগুলোর একটি জোট, যা ইরাকি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্ত। এই বাহিনীভুক্ত উপদলগুলোর মধ্যে ইরানের সঙ্গে মিত্রতা থাকা বেশ কিছু গোষ্ঠী রয়েছে।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো দেশটিতে থাকা মার্কিন স্বার্থ ও স্থাপনাগুলোতে হামলা চালিয়ে আসছে, যা মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

ইতোমধ্যে এই সংঘাত ইরানের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে। ইরান থেকে ইসরায়েল এবং মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় আরব দেশগুলোতে হামলা চালানো হচ্ছে।

অন্যদিকে, ইরানপন্থী হিজবুল্লাহর আন্তঃসীমান্ত গুলিবর্ষণের জবাবে লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।